মানবেন্দ্রনাথ রায়: একজন বাঙালি বিপ্লবী

ব্রিটিশ বিরোধী আন্দোলন
জন্মের পর তার নাম রাখা হয় নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরে নাম পাল্টে হন মানবেন্দ্রনাথ রায় ওরফে এম এন রায়। ১৮৮৭ সালে অবিভক্ত বাংলার ২৪ পরগণা জেলার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনার পাশাপাশি দ্রুতই জড়িয়ে পড়েন স্বাধীনতাকামীদের সাথে। সেকালে বাংলা মুলুকে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বঙ্কিমচন্দ্র বা স্বামী বিবেকানন্দের খুবই নামডাক। তাদের লেখনী পড়ে অনেক যুবা তখন স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়বার জন্য হন্যে হয়ে উঠছে।১৯০৫ এর বঙ্গভঙ্গ এই আগুনকে আরো উসকে দিল। এম এন রায় এই ছাত্রদের সাথে জড়িয়ে পড়েন। ক্রমে তার সাথে পরিচয় হয় বারীন ঘোষ আর তার সাঙ্গপাঙ্গদের সাথে। উল্লেখ্য, এম এন রায় সে সময়কার অনুশীলন সমিতি, যুগান্তর বা বাঘা যতীনের দলবল, সবার সাথেই কমবেশি যোগাযোগ রাখতেন। সে হিসেবে তাকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র ধারাটির অন্যতম অংশ বললে বাড়িয়ে বলা হবে না।

হাল না ছেড়ে রায় যাত্রা করলেন জাপানে। সেখানে জার্মান বা জাপান কোনো পক্ষই তাকে সাহায্য করতে রাজি হলো না। নিরুপায় রায় দেখা করলেন চীনা জাতীয়তাবাদী নেতা সান ইয়াত সেনের সাথে। কিন্তু তিনিও নেতিবাচক মতামত দিলেন ভারতে বিপ্লবের ব্যাপারে। শেষমেষ রায় ভুয়া কাগজপত্র যোগাড় করে যুক্তরাষ্ট্রে চলে গেলেন। তার আশা ছিল যুক্তরাষ্ট্রের জার্মান দূতাবাস তাকে সাহায্য করবে।
মেক্সিকো
যুক্তরাষ্ট্রের দক্ষিণের শহর পালো আলতোতে লুকিয়ে থাকবার সময় রায় ইভিলিন নাম্নী এক মহিলাকে বিয়ে করেন। দুজনে মিলে নিউ ইয়র্ক যান। এখানেই এম এন রায় কম্যুনিজম নিয়ে আগ্রহী হয়ে পড়েন। তবে যুক্তরাষ্ট্রে বেশিদিন থাকা গেল না। ব্রিটিশ গোয়েন্দাদের ভয়ে এই জুটি শেষমেষ সীমান্ত পার হয়ে মেক্সিকোতে চলে যায়। পথে জার্মান গোয়েন্দারা রায়কে বিপুল পরিমাণ টাকা দেন।
সোভিয়েত ইউনিয়ন
লেনিনের নির্দেশে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে রায়কে ভারতীয়দের সংগঠিত করে পুনরায় ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করবার সুযোগ করে দেওয়া হয়। উল্লেখ্য, রায়ের সাথে ভারতের জাতীয়তাবাদী নেতা চিত্ত রঞ্জন দাসের যোগাযোগ ছিল। যা-ই হোক, রায় ১৯২০ সালে গঠন করেন ভারতীয় কম্যুনিস্ট পার্টি।এদিকে মস্কোতে শুরু হয়েছে আরেক ঝামেলা। ১৯২৪ সালে লেনিন মারা যাওয়ার পর তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। একদিকে স্ট্যালিন, জিমেনিয়েভ, কামেনেভ, আর অন্যদিকে ট্রটস্কি। ট্রটস্কি শেষমেষ দেশ ছেড়ে পালান। রায়কে স্ট্যালিন ট্রটস্কিপন্থী হিসেবেই দেখতেন হয়তো। কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নেতাকে কব্জা করবার সুযোগ তিনি পাচ্ছিলেন না। শেষমেষ সুযোগ এলো ১৯২৭ সালে। রায় চীনের ক্যান্টনে গিয়েছিলেন সেখানে বিপ্লবীদেরকে সাহায্য করতে। তো চীনা কম্যুনিস্ট পার্টির সাথে তার বিরোধ বেঁধে গেলে স্ট্যালিন তার দরকারি অজুহাত পেয়ে গেলেন। ১৯২৮ সালে এম এন রায় সোভিয়েত ইউনিয়ন ছেড়ে জার্মানি চলে যেতে বাধ্য হলেন।

আবার ভারত
১৯৩০ সালে, প্রায় ১৬ বছর পর এম এন রায় ভারতে ফিরলেন। যদিও নেহেরু বা সুভাষ চন্দ্র বোস তাকে বিশেষ সমাদর করলেন, কিন্তু এটাও পরিষ্কার হয়ে গেলো যে তারা তাকে জায়গা ছেড়ে দেবেন না। ওদিকে গান্ধীর সাথে তার বনে না। ব্রিটিশ পুলিশ তো ওঁত পেতেই ছিল। দেশে ফেরার কয়েক মাসের মধ্যে তাকে জেলে পোরা হয়। প্রহসনের বিচার শেষে জেল খাটতে হয় ছয় বছর। এতেই রায়ের শরীর একদম ভেঙে পড়ে। তিনি আরো অসংখ্য কম্যুনিস্ট নেতাদের মতো বারবার কোন্দল না পাকিয়ে বরং কম্যুনিস্টদের আহ্বান করেন যেন তারা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেয়। এতে করে ডাকসাইটে কম্যুনিস্টদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এরই মধ্যে তিনি ১৯৩৪ সালে ভারতীয় গণপরিষদ গঠনের দাবি জানান। পরে কংগ্রেস এই দাবি নিয়ে আন্দোলন শুরু করে।দ্বিতীয় মহাযুদ্ধ বাঁধলে এম এন রায় ভারতীয়দেরকে আহ্বান জানান যেন তারা ব্রিটিশদেরকে সাহায্য করে। রায়ের বক্তব্য ছিল, ফ্যাসিস্ট বা নাজী সরকার যুদ্ধে জিতলে ভারত আর কোনোদিনই স্বাধীনতা পাবে না। ওদিকে গান্ধী ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলন শুরু করেন, সুভাষ বোস জাপানী আর জার্মানদের সাহায্য নিয়ে গড়ে তোলেন আজাদ হিন্দ ফোর্স। কম্যুনিস্ট বা কংগ্রেসীরা রায়ের এই পথ পরিবর্তন ভালো চোখে দেখেনি। অনেকটা এই সময়েই রায় 'নিও হিউম্যানিজম' নামের একটি নতুন তত্ত্ব হাজির করেন। মূলত কংগ্রেস আর কম্যুনিস্টদের সাথে মতের মিল না হওয়াতেও এই নতুন তত্ত্ব।

স্বাধীন ভারতে এম এন রায়কে খুব উঁচুদরের তাত্ত্বিক হিসেবে প্রচুর সম্মান দেখানো হলেও রাজনৈতিকভাবে তিনি একরকম শক্তিহীন হয়ে পড়েন। শারীরিকভাবেও হয়ে পড়েছিলেন অসুস্থ। কম্যুনিস্টদের মধ্যে বহু ভাঙনের ফলে কংগ্রেসই ভারতের সবথেকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়। বাঙালি বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় ১৯৫৪ সালে দেরাদুনে মৃত্যুবরণ করেন। তাবত বিশ্ব ঘুরে যে বিপ্লবের স্বপ্ন তিনি দেখেছিলেন, তা অনেকাংশেই সাকার না হওয়ার ফলেই বোধহয় বিস্মৃত হয়ে পড়েছেন আধুনিক রাজনীতির পাঠে।
0 coment�rios: